রানীনগর (নওগাঁ) থেকে মাসুদ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রানীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। নওগাঁ-৬ আসনের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে আমি আশাবাদী।”
এ সময় তিনি নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে জনগণের সমর্থন কামনা করেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে রানীনগর উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা স্লোগান ও মিছিলে মুখর করে তোলে পুরো এলাকা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ-৬ আসনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের প্রক্রিয়া চলমান রয়েছে।

