নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সংসদীয় আসন (৫২) রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) থেকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামাতের নায়েবেআমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যাপক মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে গোদাগাড়ী ও তানোর উপজেলার মানুষ নানাবিধ সমস্যায় জর্জরিত। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তিনি দাবি করেন, জনগণের ভোট ও সমর্থন পেলে তিনি এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।
তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য। ইনশাআল্লাহ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবে।”
উল্লেখ্য, রাজশাহী-১ আসনটি গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বরাবরই ভোটের লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে। আসন্ন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াতে শুরু করেছে।

