নিজস্ব প্রতিবেদক রাজশাহী:
কম্বলের ভেতরে লুকিয়ে ফেন্সিডিল পাচারের সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
গ্রেফতারকৃতরা হলেন— গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেক (৪৫) এবং একই গ্রামের আনোয়ার হোসেন (৩০)। আব্দুল মালেক পানিহার আই হাই রাহী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং আনোয়ার হোসেন একই গ্রামের মো. আজাদ আলীর ছেলে।
ডিএনসি সূত্র জানায় ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল বগুড়ার শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ এলাকা) রংপুর–বগুড়া মহাসড়কের পূর্ব পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হরিপুর (ঠাকুরগাঁও) থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বিআরটিসি নামীয় একটি যাত্রীবাহী বাসে (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৪৭৭১) তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসটির একটি নীল-কালো রঙের ট্রাভেল ব্যাগের ভেতরে থাকা দুইটি পুরাতন কম্বলের মধ্যে মোড়ানো অবস্থায় কোডিনযুক্ত অবৈধ মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের পরিমাণ ২৫ বোতল, প্রতিটি ১০০ মিলিলিটার করে মোট ২.৫ লিটার।
এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরাতন স্যামসাং স্মার্টফোন এবং জিডিএল ও লাভা ব্র্যান্ডের দুটি বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি কর্তৃপক্ষ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

