সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :
নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে ‘ভোটের গাড়ি’ এখন ফেনীতে, গানে গানে ভোটারদের আকৃষ্ট করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ফেনী জেলা শহরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভ্যান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের ডিসি অফিসসংলগ্ন প্রধান সড়কে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
‘দেশের চাবি আপনার হাতে : এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়। পাশাপাশি সুপার কারাভ্যানে থাকা শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তা এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্বাচনী সংগীত পরিবেশন করা হয়। প্রামাণ্যচিত্র দেখতে ও গান শুনতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক, অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা, জেলা তথ্য কর্মকর্তা এস.এম আল-আমিন, জেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে ‘ভোটের গাড়ি’

