ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাফেজ সাজিদ আব্দুল্লাহ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর হত্যার বিচারের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মানববন্ধন শুরু হয়। পরে এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনের আহ্বায়ক তানবীর মন্ডলের নেতৃত্বে শিক্ষার্থীরা প্রথমে কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হন। পরে তারা প্রধান ফটকের সামনে অবস্থান নেন, যেখানে ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে আহ্বায়ক তানবীর মন্ডল বলেন, ঘাতকের বুলেট আমাদের ভাই শহীদ শরিফ ওসমান বিন হাদী এবং মোসাব্বির ভাইয়ের শরীরকে রক্তাক্ত করেছে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সাজিদ আব্দুল্লাহকে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সাজিদ আব্দুল্লাহ হত্যার প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্তর্বর্তী সরকার এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।
তিনি আরও বলেন, বিগত স্বৈরশাসনের আমলে যথাযথ প্রমাণ থাকা সত্ত্বেও যেভাবে অন্যায়-অবিচারের বিচার হতো না, আমরা ভেবেছিলাম চব্বিশ পরবর্তী সময়ে সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এখনো সেই সংস্কৃতির মধ্য দিয়েই দিন পার করছি। আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই আসন্ন নির্বাচনের আগেই সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার করতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢাকার রাস্তা মাপতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী। তিনি বলেন, চব্বিশ পরবর্তী সময়েও প্রকাশ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। প্রকাশ্যে হত্যা হচ্ছে, কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহ খুন হয়েছেন, কিন্তু আজও আমরা তার বিচার পাইনি। আমরা দেখেছি সাজিদ আব্দুল্লাহ ও ওসমান হাদী হত্যার বিচার না হওয়ায় পরবর্তীতে মোসাব্বির ভাইও শহীদ হয়েছেন। আমি মনে করি, তারা সফল, আমরা ব্যর্থ—কারণ আমরা তাদের বিচার আদায় করতে পারিনি। আজ প্রশাসনের কাছে আমাদের দাবি, এই হত্যাকাণ্ডগুলোর বিষয়ে আরও তৎপর হতে হবে।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। তিনি বলেন, আপনারা জানেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন আইনি প্রশ্নের মুখোমুখি হন, তখন তিনি আলু-পেঁয়াজের মতো উত্তর দেন। আমরা বলতে চাই, বাংলাদেশের হাজার হাজার ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আপনারা সেই চেয়ারে বসেছেন। যদি আপনারা আগের হত্যাগুলোর বিচার করতেন, তাহলে আজ আমরা শহীদ হাদী ও শহীদ মোসাব্বিরকে হারাতাম না। আমরা এসব হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।

