সামছুল হক| গংগাচড়া প্রতিনিধি।
রংপুর-১ (গংগাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে নির্বাচনী লড়াই শুরুর আগেই বড় ধাক্কা খেলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মঞ্জুম আলী। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও নিজের প্রার্থিতা ফিরে পাননি তিনি। কমিশন তার মনোনয়ন স্থগিতের পূর্ব সিদ্ধান্তই বহাল রেখেছে।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা মঞ্জুম আলীর বিরুদ্ধে অন্য দেশের নাগরিকত্ব সচল থাকার প্রমাণ পান। বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী, কোনো বিদেশি নাগরিকত্ব ত্যাগ না করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া অযোগ্যতা হিসেবে বিবেচিত হয়। এই জটিলতার কারণেই প্রাথমিক পর্যায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন এই জাপার প্রার্থী। গতকাল ১১ই জানুয়ারি ২০২৬ ইং শুনানির পর কমিশন তার আবেদনটি খারিজ করে দেয় এবং মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। এর ফলে প্রশাসনিকভাবে তার নির্বাচনে অংশগ্রহণের পথ বর্তমানে বন্ধ রয়েছে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর মঞ্জুম আলীর সামনে এখন কেবল একটি পথই খোলা রয়েছে— উচ্চ আদালত (হাইকোর্ট)। আইনি প্রক্রিয়ার শেষ ধাপ হিসেবে তিনি হাইকোর্টে রিট আবেদন করতে পারবেন। আদালত যদি তার নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র গ্রহণ করে প্রার্থিতা বৈধ ঘোষণার আদেশ দেন, তবেই তিনি নির্বাচনে ফিরতে পারবেন।

