মোঃ রাহাত হাওলাদার, ভোলা:
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আওয়ামী ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে।
রোববার ১১ জানুয়ারি বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানার কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ সালমান গোলদার (৩০) নামে একজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটক সালমান গোলদার নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। তিনি ভোলা সদর উপজেলা আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আটককৃত ব্যক্তির পিতার নাম মোঃ সিরাজ গোলদার। তার বাড়ি ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড এলাকার ৩ নং ওয়ার্ডে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

