নওগাঁর ধামইরহাট উপজেলায় বিজিবি একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ উদ্ধার করেছে। ১৭ জানুয়ারি রাতে উপজেলা চকিলাম সীমান্তে পরিচালিত বিশেষ টহলে বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, অভিযানটি সীমান্ত পিলার ২৬৬/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত চকশব্দল গ্রামের সরিষা ক্ষেতে পরিচালিত হয়। সেখানে অভিযান চালিয়ে ১৪,৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত নেশাজাতীয় ট্যাবলেট ধামইরহাট থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি কর্মকর্তারা জানায়, এ ধরনের অভিযান সীমান্তবর্তী এলাকায় মাদক পরিবহন রোধে নিয়মিতভাবে চালানো হয়। তারা আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য স্থানীয় বাজারে বিপুল অর্থের মূল্যবান এবং এর মাধ্যমে দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখার জন্য এই ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি।
ধামইরহাট বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা বলছেন, “সীমান্তে বিশেষ টহল ও অভিযান অব্যাহত থাকবে এবং যারা দেশের সীমানা অতিক্রম করে মাদক প্রবেশের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

