ঈশ্বরদী (পাবনা) উপজেলা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীর চরাঞ্চল চরগড়গড়িতে ‘মহীয়সী সাহিত্য পাঠচক্রের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি ) উপজেলার সাহাপুর ইউনিয়নের চরনিকেতন বিশ্বকুটির মিলনায়তনে দিনব্যাপী কবি-সাহিত্যিকের মিলনমেলা, কবিতাপাঠ, আলোচনা, সেমিনার, সম্মাননা প্রদানসহ বর্ণাঢ্য এ উৎসবে উদ্বোধন করেন প্রাবন্ধিক ও গবেষক কবি মজিদ মাহমুদ।
মহীয়সী পাঠচক্রের সভাপতি কবি রেহানা সুলতানা শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি আসাদ মান্নান। এ সময় সম্মানিত অতিথি বক্তব্য দেন বগুড়া লেখকচক্রের সভাপতি কবি ইসলাম রফিক, কবি ড. শাহ সানাউল হক ও প্রাবন্ধিক ড. মোহাম্মদ আব্দুর রউফ, ঈশ্বরদীর জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক খোন্দকার মাহাবুবুল হক দুদু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক সালেহ শিবলু।
অনুষ্ঠানে এ বছর শিল্প-সাহিত্যে অবদানের জন্য ছয়জন গুণীকে ‘মহীয়সী সাহিত্য সম্মাননা- ২০২৬ এবং দুইজন সংগঠককে ‘সেলিনা পারভীন বকুল স্মৃতি সম্মাননা’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন কবিতায় তানভীর আহমেদ হ্ণদয়, কথাসাহিত্যে রোকেয়া ইসলাম, প্রবন্ধ ও গবেষণায় খৈয়াম কাদের, শিশুসাহিত্যে মুসতাফা আনসারী, সংগঠক হিসেবে লুৎফর রহমান, টিটল ম্যাগাজিনে কাজী আনিসুল হক। এছাড়াও সাংগঠনিক দক্ষতায় শামীমা সীমা ও সাইদা আখতার কল্পনাকে সম্মাননা দেওয়া হয়।
উৎসবের উদ্যোক্তা রেহেনা শিল্পী জানান, মহীয়সীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর কবি- সাহিত্যিকের মিলনমেলা ও কবিতা উৎসবের আয়োজন করা হয়। এবারের কবিতা উৎসবে দেশের ১৬টি জেলার কবি- সাহিত্যিক অংশগ্রহণ করেছেন ।

