মোঃমকবুল হোসেন পাবনা ফরিদ পুর উপজেলা:
পাবনার ফরিদপুর উপজেলার বন্যাকান্দী খেয়াঘাটে চিকনাই নদীর উপর ১১০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির অবসান ঘটিয়ে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে এই ব্রিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা এক্সচেঞ্জ অফিসার এবং ফরিদপুর উপজেলা ইঞ্জিনিয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন হাদল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ শাহ্ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এই ব্রিজটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে খেয়া পারাপারের দুর্ভোগ পোহাতে হওয়ায় এলাকাবাসী যে কষ্ট ভোগ করছিল, এই ব্রিজ সেই কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাদল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ শাহ্ আলম বলেন, “দীর্ঘদিনের একটি স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। ইনশাআল্লাহ সবার দোয়া এবং আল্লাহ তায়ালার মেহেরবানীতে এই ব্রিজ দ্রুত বাস্তবায়িত হবে এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে।”
এ সময় এলাকাবাসী আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা সকলের দোয়া কামনা করেন যেন কাজটি সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন হয়।

