সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা ও নির্বাচন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় থেকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল হাইস্কুল অডিটোরিয়াম হল রুমে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট-ঢাকা এর আয়োজনে ও জেলা নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাচন অফিস এর ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয়। এ প্রশিক্ষণে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক/শিক্ষিকাগণ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আঃ খালেক পাটোয়ারী, উপজেলা সহকারী নির্বাচন অফিসার আয়েশা সিদ্দিকাসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল কর্মকর্তাকে প্রস্তুত থাকতে হবে। প্রশিক্ষণে নির্বাচন সংক্রান্ত আইন, ভোট গ্রহণ পদ্ধতি, ভোট কেন্দ্র পরিচালনা এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

