প্রতিবেদন: উখিয়া উপজেলা প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং থিমছড়ি এলাকায় মোটরসাইকেল ও একটি মিনিপিকআপের মুখোমুখি সংঘর্ষে আরিফুল ইসলাম (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল আনুমানিক ৩টার দিকে।
নিহত আরিফুল ইসলাম ওই এলাকার বাসিন্দা নুরুল হাকিম প্রকাশ হালামুনু সওদাগরের ছেলে। তিনি ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম বিকেলে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে থিমছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিপিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে আরিফুল গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। তবে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এদিকে, তরুণ স্কুলছাত্রের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মাঝে চলছে শোক আর কান্নার মাতম। স্থানীয়রা এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে উখিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

