আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার
যমুনা নদীর তীরে আরিচা ঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আরিচা ঘাট টার্মিনাল এলাকায় আয়োজিত এ জনসমাবেশে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ–১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক। তিনি বলেন, “মানিকগঞ্জ–১ আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য জনপদে রূপান্তর করা হবে।”
তিনি আরও জানান, আরিচা ঘাটকে ঘিরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পদ্মা ও যমুনা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়িকে কেন্দ্র করে একটি আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
শিবালয় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করতে চায়, যা ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, “বাংলাদেশকে একটি নতুন অধ্যায়ে নিয়ে যেতে হলে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিতে হবে।”
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা আমীর হাফেজ মাওলানা মুহাম্মাদ কামরুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ জাকিরুল ইসলাম খান, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মনিরুজ্জামান এবং শিবালয় উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব।
সমাবেশে ডা. আবু বকর সিদ্দিক দৃঢ় প্রত্যয়ে বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকেও দুর্নীতি করতে দেব না।”
সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর ইতিহাসে এ অঞ্চলের সর্ববৃহৎ এই জনসমাবেশ থেকে একটি বিশাল মিছিল বের হয়, যা আরিচা ঘাট এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

