উজ্জ্বল চন্দ্র মন্ডল, মাদারীপুর।
শনিবার (০৭/০২/২৬ ইং) মাদারীপুর জেলার রাজৈর পৌরসভা ঈদগাহ মাঠে আয়োজিত মাদারীপুর-২ সংসদীয় আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান” ও জেলার অসংখ্য নেতৃবৃন্দ।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশে মোট জনসংখ্যার অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ রয়েছে। নারী ও পুরুষদের সমান তালে এগিয়ে নিয়ে যেতে না পারলে কখনই দেশের উন্নয়ন সম্ভব হবে না। এজন্য নারীদের স্বাবলম্বী করতে এবং প্রতিটি পরিবারের সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী করতে “ফ্যামিলি কার্ড” এর ঘোষণা দিয়েছেন “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান”। কিন্তু একটি দল নারীদের “আই এম এ জাহিলিয়াত” এর অন্ধকার যুগে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ফন্দি-ফিকিরে ব্যস্ত। তারা কর্মজীবী নারীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। তাই জাহিলিয়াতের যুগে ফিরে যেতে না চাইলে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে জয়যুক্ত করাতে হবে। বক্তব্যে তিনি আরো বলেন, গাড়ি নষ্ট হলে মেরামত করা যায় কিন্তু নষ্ট মানুষদের মেরামত করা অসম্ভব। ঠিক একইভাবে নষ্ট দলকেও কখনো ভালো করা যায় না।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া,যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসাইন মিঠু, জেলা বিএনপির সদস্য সচিব মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী জাহান্দার আলী মিয়া, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ হাজারো নেতৃবৃন্দ।
নির্বাচনী সভায় বক্তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে “ধানের শীষের” পক্ষে কাজ করার আহ্বান জানান।

