উজ্জ্বল চন্দ্র মন্ডল, কালকিনি
সোমবার (০৯/০২/২৬ইং) কালকিনি উপজেলা অডিটোরিয়াম ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে “মহাপরিকল্পনা প্রনয়ণ প্রকল্প” এর শুভ উদ্বোধন ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এই পরামর্শ সভার মূল উদ্দেশ্য ছিলো, কালকিনি পৌরসভার উন্নয়নে প্রকল্প গ্রহণ, নাগরিকদের মতামত প্রকাশ ও জনসাধারণকে প্রকল্প সম্পর্কে অবহিত করা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার, জনাব সাইফ-উল-আরেফিন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সমাজসেবা অফিসার জনাব রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শাহ আযম ফরাজী, শিক্ষা অফিসার জনাব নাজমুল ইসলাম, কালকিনি পৌরসভা সচিব জনাব বাবুল চন্দ্র দাস, পৌরসভা সহকারী প্রকৌশলী জনাব মোঃ রাকিব হোসেন, পৌরসভা সেনিটারী ইন্সপেক্টর মোঃ মোকাদ্দেছ হোসেন, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ উপজেলার বিভিন্ন অফিসার ও স্থানীয় সচেতন নাগরিকগণ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি জনাব সাইফ-উল-আরেফিন বলেন, নাগরিক সুবিধা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সর্বদা সচেষ্ট। তিনি আরো জানান, কালকিনি পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করার লক্ষ্যেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে কালকিনির বিভিন্ন সেক্টরের উন্নয়ন সাধন করা হবে। পৌরসভার উন্নয়নে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।
এসময় প্রকল্পের উন্নয়নে পরামর্শ মূলক বক্তব্য ও মতামত রাখেন একুশে টেলিভিশনের প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, কালকিনি একাডেমি স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন সহ স্থানীয় জনসাধারণ।

