মোঃ তৈয়ব, কক্সবাজার:
অদ্য ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার ভিডিপির অফিসার ও ফোর্সদের সমন্বয়ে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে আয়োজিত উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান মহোদয়।
ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় নির্বাচন ডিউটিতে নিয়োজিত সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের শরীরে অনলাইন বডি-ওর্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে।
পুলিশ সুপার মহোদয় আরও জানান, কক্সবাজারবাসী যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। দায়িত্ব পালনকালে সকল সদস্যকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী পরিবেশে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক, বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

