শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোরটার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক সৌজন্য ও মতবিনিময় সভায় দোহার-নবাবগঞ্জের গণমানুষের নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম বলেছেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমি সবসময় এই জনপদের মানুষের সুখ-দুঃখে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি,২০২৬) দুপুরে দোহার উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিম চর এলাকায় মাওলানা সাইফুল্লাহর বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন পরবর্তী এই সভায় ব্যারিস্টার নজরুল ইসলামকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত জনতা। সভায় দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়ে প্রিয় নেতার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, “দোহার-নবাবগঞ্জের উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমি কখনও পিছপা হইনি। আমার অবস্থান থেকে আমি সবসময় এই এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাব। এখানকার প্রতিটি মানুষের ভালোবাসা আমাকে সিক্ত করেছে।”
নির্বাচনে প্রাপ্ত জনসমর্থনের কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, “জনগণ আমাকে যে বিপুল পরিমাণ ভোট এবং অকৃত্রিম সমর্থন দিয়েছেন, তা আমার আগামী দিনের পথচলার প্রধান শক্তি ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জয়-পরাজয় বড়ো কথা নয়, মানুষের হৃদয়ে স্থান পাওয়াটাই বড়ো সার্থকতা।”
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা ব্যারিস্টার নজরুল ইসলামের নেতৃত্বের প্রশংসা করেন এবং নির্বাচনের সময় কর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, এলাকার উন্নয়নে ব্যারিস্টার নজরুলের মতো একজন শিক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতার প্রয়োজনীয়তা দোহার-নবাবগঞ্জবাসী সব সময়ই অনুভব করে। উল্লেখ থাকে য, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১ (দোহার-নবাবগঞ্জ) বাংলাদেশ জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ছিলেন এবং পরাজিত হন।

