শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর প্রতিনিধি।
পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সহমর্মিতার শিক্ষা ধারণ করে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে জনকল্যাণ ফাউন্ডেশন ।
রমজানকে সামনে রেখে ফাউন্ডেশনের উদ্যোগে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ইকরি গ্রামের ৬০ টি গরিব ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, ছোলা, মুড়ি, পিয়াজ, আলু, তেল, খেজুরসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন ইফতার উপকরণ বিতরণ করা হয়, যা একটি পরিবারকে কয়েকদিনের ইফতারের ব্যবস্থা করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে জনকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। এই মাসে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। জনকল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু রমজান নয় বছরের বিভিন্ন সময়ে অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে জনকল্যাণ ফাউন্ডেশন। আগামীতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজানের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং পরিবার নিয়ে নির্বিঘ্নে রোজা পালনে সহায়ক হবে।
উল্লেখ্য, জনকল্যাণ ফাউন্ডেশনের সদস্য ও প্রবাসী শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় এ মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

