প্রতিবেদক
মো: অলি উল্লাহ
সিরাজগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট সরকারের নতুন মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
দলীয় সূত্র জানায়, নবগঠিত মন্ত্রিসভার শপথ গ্রহণের পর দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে তাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য তিনি আনুষ্ঠানিক আমন্ত্রণ পান।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ইকবাল হাসান মাহমুদ টুকু ৯৯৩টি পোস্টাল ভোটসহ মোট ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৬৬০টি পোস্টাল ভোটসহ ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট। এতে ভোটের ব্যবধান দাঁড়ায় ৩৯ হাজার ৪০৬ ভোট।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ ও সংগঠক হিসেবে পরিচিত ইকবাল হাসান মাহমুদ টুকুর হাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব আসায় জ্বালানি খাতের নীতিনির্ধারণ ও বাস্তবায়নে নতুন গতি আসতে পারে।

