সোনাগাজী ফেনী প্রতিনিধিঃ
নিজ নির্বাচনী এলাকা ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে সরাসরি হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। স্থানীয়দের ভাষায়, এটি কেবল একটি ফোন নম্বর নয়, বরং নতুন এক বার্তা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, ফেনী-৩ এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম থেকে মুক্ত রাখতে তিনি বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং নির্ভয়ে তথ্য দিতে হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে একটি নির্দিষ্ট নম্বরও প্রকাশ করা হয়েছে, যেখানে সরাসরি অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর জন্য নম্বরটি হলো ০১৭৩০০০৪৮৪৪। অথবা ভিজিট করুন: www.aamintoo.com
স্থানীয়দের অনেকে বলছেন, দীর্ঘদিন ধরে এলাকায় ছোট-বড় নানা অনিয়ম নিয়ে অসন্তোষ ছিল। বিশেষ করে ব্যবসায়ীদের একটি অংশ চাঁদাবাজির অভিযোগ করে আসছিলেন। হটলাইন চালুর ঘোষণা তাদের কাছে স্বস্তির বার্তা হয়ে এসেছে। তবে অনেকে মনে করছেন, কেবল ঘোষণা নয়, দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়াই হবে বড় চ্যালেঞ্জ।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, অভিযোগ দিলে যদি দ্রুত ব্যবস্থা হয়, তাহলে মানুষ সাহস পাবে। নইলে নম্বর থেকে যাবে, ভরসা তৈরি হবে না।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল আউয়াল মিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথচলার পর মন্ত্রিসভায় জায়গা করে নেওয়ায় ফেনী জেলায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘ সময় মন্ত্রীশূন্য থাকা এ জেলায় তার মন্ত্রিত্ব উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনবে—এমন প্রত্যাশাও রয়েছে স্থানীয়দের মধ্যে। এখন দেখার বিষয়, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঘোষিত এই উদ্যোগ মাঠপর্যায়ে কতটা কার্যকর হয়।

