নীলফামারী প্রতিনিধি, মোঃ মোকলেছুর রহমান বাবু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী:
নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নীলফামারীর আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ। তিনি তাঁর প্রবন্ধে সমাজে দারিদ্র দূরীকরণে যাকাতের কার্যকর ভূমিকা, সঠিক ব্যবস্থাপনা ও বণ্টনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলফামারী সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওমর ফারুক।
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে নীলফামারী জেলায় ১৩ লাখ ৪৯ হাজার ৩’শ টাকা যাকাত আদায় হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ অর্থাৎ ১০ লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হবে।
সেমিনার শেষে নীলফামারী বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নুরীর পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন।

