শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কার্যালয়ের আলোচনা সভা ও বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুস সাত্তার, ইউআরসি ইন্সট্রাক্টর শামীমা, শাকিলা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ বলেন, “একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়তে হলে নারীর উন্নয়ন অপরিহার্য। নারীর প্রতি বৈষম্য দূর করে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।”

