তৌহিদুল ইসলাম শামিম , হিলি (দিনাজপুর)
দিনাজপুরের হাকিমপুরে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপারের (এসপি) ব্যক্তিগত মাইক্রোবাস আটকে স্থানীয় শ্রমিকদের দিয়ে মব সৃষ্টির চেষ্টার অভিযোগে এসআর পরিবহনের এক চালককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৯টার দিকে হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত চালক হাফিজুল ইসলামকে (৪২) আটক করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে একটি মাইক্রোবাসে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকায় ইফতার শেষে আবার যাত্রা শুরু করেন তিনি।
এসময় একই পথে ঢাকা থেকে ফিরে আসা এসআর পরিবহনের একটি কোচ হিলির দিকে যাচ্ছিল। পুলিশ সুপারের গাড়ির চালক কোচটিকে সাইড দেওয়ার সংকেত দিলে একপর্যায়ে মাইক্রোবাসটি প্রায় ওভারটেক করে। অভিযোগ রয়েছে, তখন কোচটির চালক ডান পাশে চাপ দিলে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা খায়। তবে চালক দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
পরে কিছু দূর গিয়ে কোচটি থামানো হলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় পুলিশ সুপারের বডিগার্ড ও কোচের চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পুলিশ সুপার নিজে গাড়ি থেকে নেমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং চালকের সঙ্গে কথা বলেন। পরে পরিবহনের সুপারভাইজারের অনুরোধে ঘটনাস্থলেই বিষয়টি মীমাংসা করে উভয় পক্ষ নিজ নিজ গন্তব্যে রওনা দেয়।
কিন্তু পরে হিলি চারমাথা মোড়ে পৌঁছালে ওই এসআর পরিবহনের কোচটি আবারও পুলিশ সুপারের মাইক্রোবাসের সামনে বেরিকেড দেয়। অভিযোগ রয়েছে, এ সময় কোচের চালক স্থানীয় কয়েকজন শ্রমিককে সঙ্গে নিয়ে গাড়িটি আটকে দেয় এবং উত্তেজনা সৃষ্টি করে। একপর্যায়ে উপস্থিত কিছু শ্রমিক পুলিশ সুপারের চালককে মারধর করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাকিমপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপার ও তার সঙ্গীদের উদ্ধার করে এবং এসআর পরিবহনের চালক হাফিজুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে আটক চালককে ছাড়িয়ে নিতে কিছু পরিবহন শ্রমিক থানায় গিয়ে স্লোগান দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনের নেতৃত্বে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।
ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, শুরু থেকেই তিনি বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু সংশ্লিষ্ট চালক বারবার অসৌজন্যমূলক আচরণ করেছে এবং মব সৃষ্টির চেষ্টা করেছে। তার বেপরোয়া গাড়ি চালানোর ভিডিও ফুটেজও রয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনার শুরু থেকেই এসআর পরিবহনের চালক উত্তেজনা সৃষ্টি ও মব তৈরির চেষ্টা করছিল। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুপারের গাড়ির চালক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, মামলার প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্ত চালককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে উত্তেজনা সৃষ্টি হলেও প্রায় এক থেকে দেড় ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

