দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া গ্রাম হতে ১২ কিলোমিটার খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৮ মার্চ রোববার দুপুরে বলরামপুর সাহাপাড়ার তেলমাখা ব্রিজ এলাকার খাল পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহার ছিল আমরা সরকার গঠন করলে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী খাল জলাশয় খনন করবো। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান কাহারোলের বলরামপুর সাহা পাড়ায় ১২.২০ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধনের মধ্যে দিয়ে সারাদেশে একযোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। পাশাপাশি সারাদেশে খাল খননের পর ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। একই দিনে দেশের ৬৩টি জেলায় সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা একযোগে এ কর্মসূচির উদ্বোধন করবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম দিনাজপুরের এই খালকে বেছে নিয়েছেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এবং দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম মঞ্জু ।
দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি বিপ্লবের জন্য খাল খনন করে মানুষের হৃদয় জয় করেছিলেন। এ কর্মসূচিকে তিনি বিপ্লবে রূপ দিয়েছিলেন। তারই অংশ হিসাবে তিনি ১৯৭৯ সালে দিনাজপুর-১ নির্বাচনী এলাকার বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ভবানীপুর (ডাঙ্গারহাট) এলাকার ঢেপা নদীতে খাল খনন উদ্বোধন করেছিলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষকরা সরাসরি উপকৃত হবেন। যা কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে এবং শুকনো মৌসুমে সেচের জন্য পানির সংরক্ষণ সহজ হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মামুন, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন, কাহারোল উপজেলার নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি ও দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম মঞ্জু দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে খাল খনন উদ্বোধন সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

