মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে উপজেলার গোয়ালদাহ বাজারে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
এর আগে ওইদিন দুপুরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মওলা ঘটনার সত্যতার সুপারিশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, দিলীপ কুমার মজুমদার মেম্বর সাধারণ মানুষের কাছ থেকে ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে ২ হাজার থেকে ৫ হাজার টাকা নিয়েছে। শুধু তাই নয়, তিনি বিভিন্ন কার্ড ও সরকারি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং মেম্বারের উপযুক্ত বিচার চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহিত জানান, এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ হাতে পাইনি, হয়তো দপ্তরে জমা হতে পারে।

