স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফুলতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুর্লভ কষ্টি পাথরের একাধিক প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মূর্তিগুলোর মোট ওজন প্রায় ১৭০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা গোদাগাড়ী উপজেলার ফুলতলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্তের নিকটবর্তী একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় রাখা কষ্টি পাথরের বেশ কয়েকটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করা হয়।
রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্লভ এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীমান্ত পথে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুদ করে রাখা হয়েছিল। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মূর্তিগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় মাঝে মধ্যেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচারের চেষ্টা ধরা পড়ছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

