শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সাধারণ ও মেহনতি মানুষের মাঝে ছড়িয়ে দিতে ঢাকা জেলার রায়পাড়া ইউনিয়নে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকাল ৯ টায়, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল হাশেম বেপারী এর উদ্যোগে ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে রায়পাড়া ইউনিয়নের কার্ডধারী কয়েকশ পরিবারের মাঝে ঈদের নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। উৎসবের আগে নতুন কাপড় হাতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের মুখে আনন্দের হাসি দেখা যায়।
উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাশেম বেপারী বলেন, “রাজনীতি কেবল পদ-পদবির জন্য নয়, বরং মানুষের সেবার জন্য। পবিত্র ঈদুল ফিতর আমাদের ত্যাগের ও সহমর্মিতার শিক্ষা দেয়। আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ঈদের খুশি যেন প্রতিটি ঘরে পৌঁছায়, সেই লক্ষ্যেই বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের এই ক্ষুদ্র প্রয়াস।”
রায়পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ কর্মসূচিতে স্থানীয় যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এবং যে কোনো দুর্যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

