রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাইট টক বাংলাদেশ’ মানিকগঞ্জ জেলা শাখা।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ‘রাইট টক বাংলাদেশ’ মানিকগঞ্জ জেলা শাখা ও ‘আল-ইনসাফ মানবিক ফাউন্ডেশন’-এর স্বেচ্ছাসেবীরা যৌথভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় স্বেচ্ছাসেবীরা মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে দৌলতপুর উপজেলা পরিষদ এলাকা, দৌলতপুর বাজার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন অলিগলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশা-মাছি নিধন কার্যক্রমও চালানো হয়।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন- দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান, সাবেক সভাপতি মো. শাহ আলমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং ‘রাইট টক বাংলাদেশ’ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন প্রমুখ।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন বলেন- ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। সবাই নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন অনেকাংশে রোধ করা সম্ভব। এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বেচ্ছাসেবী মো: রবিউল আলম জানান, ‘রাইট টক বাংলাদেশ’ দেশজুড়ে নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় দৌলতপুরে এই পরিচ্ছন্নতা অভিযান আমরা অংশগ্রহন করেছি।

