মোঃ জহিরুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধি, ২৬ মার্চ, ২০২৬ ইং
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাহিল্যা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাহিল্যা ছাত্রদলের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে
আজ সকাল ৭টায় মাহিল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যথাযোগ্য মর্যাদায় প্রভাত ফেরি বের করেন। এরপর বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন মাহিল্যা ছাত্রদলের আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমে শিক্ষার্থীদের উজ্জীবিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় বিদ্যালয়ের কিশোর-কিশোরীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহিল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতার প্রকৃত তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে জনাব সাইফুল ইসলাম বলেন:
“শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে এবং সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে ছাত্রদলের এই সামাজিক ও গঠনমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছাত্রদলের এমন আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

