আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ প্রতিনিধি।
লৌহজং উপজেলায় ৩ সপ্তাহব্যাপী হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার(৫ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা হয়।৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর।উদ্বোধনের পর তিনি বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলার ৫টি ইউনিয়নের অন্তত ১৩টি কেন্দ্র ঘুরে দেখেন তিনি।সকাল ৮টা থেকেই টিকাদান কার্যক্রম শুরু হয়।এ কর্মসূচিতে প্রায় ২৩ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।টিকাদান কার্যক্রম দুই ধাপে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।প্রথম ধাপে ৫টি ইউনিয়নে টিকা দেওয়া হচ্ছে।
পরবর্তী ধাপে বাকি ৫টি ইউনিয়নে টিকাদান কার্যক্রম চলবে।পুরো কর্মসূচি টানা ২১ দিনব্যাপী চলমান থাকবে।
স্বাস্থ্য কর্মকর্তা জানান,জ্বর বা অসুস্থ শিশুদের আপাতত টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।তাদের সুস্থ হওয়ার পর টিকা নিতে বলা হয়েছে।এ বয়সসীমার সব শিশুকেই টিকা নেওয়ার আওতায় আনার নির্দেশ রয়েছে।
আগে টিকা নেওয়া থাকলেও পুনরায় টিকা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা:বেবি নাজনীন সোহানা উপস্থিত ছিলেন।আরও উপস্থিত ছিলেন লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো:মানিক মিয়া।এমটিএপিআই নাঈম হৃদয় ও স্বাস্থ্য পরিদর্শক কাজী মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা আশা করছেন,এ কর্মসূচির মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে।

