রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় মিরাজ হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত এবং জাহাঙ্গীর নামে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৪-৫ জন সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ করে বালু উত্তোলনের কাটারে উঠে অতর্কিত গুলি চালায়। এতে কাটারের ম্যানেজার মিরাজ হোসেন ও শ্রমিক জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মিরাজ হোসেনের বাড়ি পাবনা সদর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন কার্যক্রমের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন। ঘটনার সময়ও তিনি কাটারে বসে হিসাব করছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ২০২৫-২০২৬ অর্থবছরে শিবালয় উপজেলার তেওতা এলাকায় সরকারিভাবে বালুমহাল ইজারা দেওয়া হলেও ইজারাদারের লোকজন প্রভাবশালীদের সহযোগিতায় নির্ধারিত এলাকার বাইরে আলোকদিয়া চরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। প্রতিদিন বিপুল পরিমাণ বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল।
এ অবৈধ বালু উত্তোলনের অর্থের ভাগাভাগি নিয়েই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানির হোসেন জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

