রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) চতুর্থ অধিবেশন নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাকসু ভবনে কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিক্ষা ও গবেষণা খাতে আরবি, ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস বিষয়ে সেমিনার আয়োজন, ফ্রেশম্যানদের জন্য ওরিয়েন্টেশন, জীববিজ্ঞান শিক্ষার্থীদের জন্য বিশেষ কার্যক্রম এবং স্টুডেন্টদের সফট স্কিল উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি Grammarly ও প্লেজিয়ারিজম চেক সুবিধা চালু, IELTS কোর্স এবং একাডেমিক তথ্য সহজলভ্য করতে ই-বুক ও অনলাইন অ্যাক্সেস প্রদানের পরিকল্পনাও রয়েছে।
নারী শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার, নারী উদ্যোক্তা মেলা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আইটি ক্যাম্পাস কানেক্ট প্রোগ্রাম, AI Navigator Program-এর আওতায় প্রশিক্ষণ, শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ সুবিধা এবং ফ্রিল্যান্সিং ও আইটি সংশ্লিষ্ট কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে হাই-টেক পার্ক স্থাপন, জব ফেয়ার আয়োজন এবং ক্লাব কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারের উন্নয়ন, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, আবাসিক হলে সিট সংকট নিরসন এবং নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হল ডাইনিং ও ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়ন এবং ভর্তুকির ব্যবস্থার কথাও বলা হয়েছে।
বিতর্ক, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় ডিবেটিং ক্লাব, আন্তঃহল প্রতিযোগিতা, বইমেলা, লেখালেখি কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া খেলাধুলার উন্নয়নে নিয়মিত অনুশীলন, টুর্নামেন্ট আয়োজন ও খেলোয়াড়দের সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পাসে খাবারের মূল্য তালিকা প্রদর্শন, পরিচ্ছন্নতা কার্যক্রম, লাইব্রেরিতে বসার সুবিধা বৃদ্ধি এবং ক্যারিয়ার গাইডলাইন সেমিনার আয়োজনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক আবু সাঈদ মুহাম্মাদ নুন (সামি), সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো:নয়ন হোসেন, সহকারি মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব।

