আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া
আশুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ জন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
আটককৃতরা হলেন— আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার মৃত ফালু মিয়ার ছেলে মো. সামাদ ভূঁইয়া (৫২), বগুড়া জেলার গাবতলী থানার বেলতলা এলাকার মৃত আকরামুলের ছেলে ও সামাদের বাড়ির ভাড়াটিয়া মো. সান্নান বাবু (৪২), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার উত্তর কাওন্নারা এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. কবির হোসেন (৩৭) এবং একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. আলামিন (৩৮)।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালান। এসময় সামাদ ভূঁইয়া ও সান্নান বাবুকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
এছাড়া একইদিন বিকাল সাড়ে ৫টার দিকে ধামরাই এর জগৎনগর এলাকায় আরেকটি অভিযানে এসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে কবির হোসেন ও আলামিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
ওসি মো. সাইদুল ইসলাম জানান, আটকরা সবাই পেশাদার মাদক কারবারি। তাদের মধ্যে কবির হোসেনের বিরুদ্ধে ৪টি এবং আলামিনের বিরুদ্ধে ২টি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

