আল মমিন সরকার নাইম
রাবি প্রতিনিধি:
“আগামী পাঁচ দশকের রাজনীতির ক্যানভাস নিয়ন্ত্রণ করবে ‘চব্বিশ’। একটি কাগজ সংসদে পাস হলো কি হলো না, তার চেয়ে বড় বিষয় হলো—জুলাই সনদ ইতোমধ্যেই কোটি কোটি তরুণের হৃদয় ও মস্তিষ্কে জায়গা করে নিয়েছে।”
সোমবার (৬ই এপ্রিল),বেলা ১১টায়
বিশ্ববিদ্যালয়ের টিএসসি লাউঞ্জ (কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া) প্রাঙ্গণে অনুষ্ঠিত “জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা” শীর্ষক একটি আলোচনা সভায় বাংলাদেশ ছাত্রপক্ষ (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ এসব মন্তব্য করেন।
ছাত্রপক্ষের সদস্য সচিব আব্দুল্লাহ মুনাওয়ার সিফাত ভূঁঞার সঞ্চালনায় ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই আন্দোলন কোনো হঠাৎ সৃষ্ট ঘটনা নয়। এটি দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ, বৈষম্য, বঞ্চনা এবং ক্ষমতার কেন্দ্রীকরণের বিরুদ্ধে মানুষের অন্তর্গত প্রতিবাদের বহিঃপ্রকাশ। শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষ—সকলের সম্মিলিত অংশগ্রহণে এখানে এক নতুন শক্তির জন্ম হয়েছে, যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের গণ্ডিতে আবদ্ধ নয়।
তিনি আরও বলেন, এই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি সংগঠিত হলেও কেন্দ্রীয় নেতৃত্বনির্ভর নয়। এখানে প্রত্যেক অংশগ্রহণকারী নিজেকে নেতা এবং দায়বদ্ধ নাগরিক হিসেবে ভাবছে। ফলে এই আন্দোলনকে দমন করা বা নিয়ন্ত্রণ করা সহজ নয়। যখন বলা হয়, “সরকারি দলের থেকে তোমরা বেশি শক্তিশালী”, তখন তা শুধু সংখ্যার বিচারে নয়—বরং মনোবল, ঐক্য এবং নৈতিক অবস্থানের শক্তির প্রতিফলন।
রাজনৈতিক দলগুলোর শক্তি মূলত সংগঠন, অর্থ ও ক্ষমতার ওপর নির্ভরশীল। কিন্তু জুলাই আন্দোলনের শক্তি এসেছে মানুষের হৃদয় থেকে। এখানে ব্যক্তিগত স্বার্থের কোনো স্থান নেই; বরং রয়েছে একটি সম্মিলিত স্বপ্ন—ন্যায়বিচার, সমতা এবং একটি স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা। যদি এই আন্দোলন তার লক্ষ্য ও আদর্শে অটল থাকতে পারে, তবে এটি শুধু একটি ক্ষণস্থায়ী প্রতিবাদ হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা রাখে।
শেষে তিনি আরও বলেন, জুলাই আন্দোলন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—ক্ষমতা সবসময় ক্ষমতাসীনদের হাতেই থাকে না। কখনো কখনো তা সাধারণ মানুষের হাতেও চলে আসে, যখন তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে শেখে। আর সেই মুহূর্তেই জন্ম নেয় প্রকৃত শক্তি, যা কোনো সরকারি দলের শক্তিকেও অতিক্রম করতে সক্ষম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন এডভোকেট শিশির মনির, বাংলাদেশ ছাত্রপক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মোহাজাদ গোলাম মোস্তফা। ছাত্রপক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আব্দুল্লাহ মুনাওয়ার সিফাত ভূঁঞা।

