শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জের শাল্লায় প্রায় ১১ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি জয় সুন্দর দাসকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার শাসখাই এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামানের নির্দেশনায় এবং এএসআই ফুলন চন্দ্র দেব-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শাসখাই গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে নিজ এলাকা থেকেই জয় সুন্দর দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত জয় সুন্দর ওই গ্রামের মৃত হরলাল দাসের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জয় সুন্দর দাস একটি মামলায় আদালতের রায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। সাজা এড়াতে তিনি দীর্ঘ ১১ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর রাতেই তাকে শাল্লা থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে সুনামগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
শাল্লা থানা পুলিশ জানায়, অপরাধীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

