আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া
ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাল টাকা ও মাদকসহ দুইজন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাতে পৃথক দুটি অভিযানে এ সাফল্য অর্জন করা হয়।
জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিঃ) সুজিত কুমার মৃধাসহ অন্যান্য সদস্যরা।
প্রথম অভিযানে রাত ১০টা ৫ মিনিটে আশুলিয়া থানার নয়ারহাট এলাকা থেকে জাল টাকার ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১,০০,০০০ টাকা মূল্যের বাংলাদেশী জাল নোট উদ্ধার করা হয়। তিনি ঝালকাঠি জেলার নলছিটি থানার গোপালপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোলড়া এলাকায় বসবাস করছিলেন।
অপরদিকে, একই রাতে ১১টা ৫ মিনিটে ধামরাই থানার রুপনগর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখানে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ স্বপন (৪৮) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মনিরুল ইসলামের বিরুদ্ধে ৫টি এবং স্বপনের বিরুদ্ধে ৯টিসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

