রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আওতায় চক মিরপুর ইউনিয়নের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে ইউনিয়নের মোট ১০টি বালক দল ও ১০টি বালিকা দল অংশগ্রহণ করে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় ঐতিহ্যবাহী দৌলতপুর পিএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উত্তীর্ণ চারটি দলের অংশগ্রহণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগে দৌলতপুর ৪০ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় দৌলতপুর ৭৮ নং (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং বালিকা বিভাগে ৬৫ নং চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে ৫৬ নং নিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে।
খেলা শেষে বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৪০ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় ৭৮ নং দৌলতপুর (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় ৬৫ নং চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় ৫৬ নং নিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাবিহা আক্তার, দৌলতপুর প্রমোদা সুন্দরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম ছিন্টু, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাদের সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ সামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সদেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল বাতেন এবং চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকারা তাদের নিজ নিজ দলের প্রতিনিধিত্ব ও সহযোগিতায় উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন দৌলতপুর ৭৮ নং (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা দিলারা বেগম ও তানিয়া আক্তার তৃপ্তি, ৪০ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়শা সিদ্দিকা, ৫৬ নং নিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তার এবং ৩৮ নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া সুলতান শায়লাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। বালক বিভাগের চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাবিহা আক্তার। বালিকা বিভাগের চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন শিক্ষক মোঃ শরিফুল ইসলাম ছিন্টু এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বিএনপি নেতা কাদের সিদ্দিকী।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে টুর্নামেন্টের খেলা শুরু হয়। দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সর্বমোট প্রায় ১০০টি বালক দল ও ১০০টি বালিকা দল অংশগ্রহণ করবে।
ফাইনাল খেলা ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে ভরে ওঠে।

