ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর স্মরণে ইবির ধর্মতত্ত্ব অনুষদ ও চবির (বি-২) উপ-ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অন্যতম অনলাইন কোচিং ‘হাফিজ থিওলজি এডমিশন কোচিং’-এর উদ্যোগে উন্মুক্ত মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই মডেল টেস্ট অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোমের পরিচালক ও আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান (হাফিজ), মুয়াজ, ছামছুল আলম, আশিক, জুবায়ের, মাহদি মীরসহ অন্যান্য সদস্যবৃন্দ।
পরিচালক হাফিজুর রহমান (হাফিজ) বলেন, “আগামীকাল ইসলামী বিশ্ববিদ্যালয় থিওলজি ফ্যাকাল্টির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। আমাদের ধর্মতত্ত্ব অনুষদের মেধাবী শিক্ষার্থী, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শহীদ সাজিদ আব্দুল্লাহ আমার বিভাগের ছোট ভাই। তিনি প্রতি বছর মডেল টেস্ট পরীক্ষায় সবার আগে পাশে থাকতেন। আজ তিনি আমাদের মাঝে নেই। তার স্মরণেই আমরা এই আয়োজন করেছি। আল্লাহ তাআলা যেন তার রুহের মাগফেরাত দান করেন।”
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে ভাসমান অবস্থায় সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু ধারণা করা হলেও পরবর্তীতে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদনে জানা যায়, তাকে পানিতে ফেলার আগে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।

