আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হলদিয়া বাজারে বিক্রমপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।লৌহজং সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।বক্তারা অভিযোগ করেন,পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আজ মিথ্যা মামলার শিকার হচ্ছেন।
মানববন্ধনে বলা হয়,দৈনিক নিরপেক্ষ ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার লৌহজং প্রতিনিধি শহিদুল ইসলাম সুরুজ সম্প্রতি সাতঘড়িয়া গ্রামে একটি ঘটনার সংবাদ সংগ্রহে যান।সেখানে জনতার হাতে আটক দুই চোরকে ঘিরে উত্তেজনা তৈরি হয়।পরবর্তীতে গণপিটুনিতে ওই দুই ব্যক্তি গুরুতর আহত হন এবং পরে মারা যান।এ ঘটনায় সুরুজকে হত্যা মামলায় ৬ নম্বর আসামি করা হয়েছে বলে অভিযোগ ওঠে।বক্তারা দাবি করেন,ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়-সুরুজ বরং জনতাকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছিলেন।
তারা বলেন,একজন সাংবাদিককে এভাবে মামলায় জড়ানো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।এছাড়া একই জেলায় আরও দুই সাংবাদিকের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়।এনটিভি প্রতিনিধি মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশের প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধে দায়ের করা মামলারও তীব্র নিন্দা জানানো হয়।
অভিযোগ করা হয়,একটি ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশের জেরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন,দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।
এ ধরনের ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।তারা অবিলম্বে সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান।পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।মানববন্ধনে বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এসময় শহিদুল ইসলাম সুরুজের স্ত্রীসহ স্থানীয় বাসিন্দারাও সংহতি প্রকাশ করেন।সমাবেশ থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

