মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব দুর্গাবাটি হুলায় নদীর চরে নির্বিচারে গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে পরিবেশবাদী সংস্থার স্বেচ্ছাসেবীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, নদীর চরে থাকা হাজার হাজার ছোট-বড় গাছ কোনো নিয়ম-নীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব গাছ প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে নদীভাঙন রোধ, ঝড়-জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা এবং জীববৈচিত্র্যের আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তারা আরও বলেন, মানুষের লোভ ও অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ বনভূমি। এটি শুধু গাছ কাটা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও পরিবেশের জন্য বড় হুমকি। এভাবে গাছ নিধন অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে, বাড়বে নদীভাঙন এবং ধ্বংস হবে জীববৈচিত্র্য।মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে গাছ নিধন বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।সিডিও’র নির্বাহী পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবিয়ার রহমান, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিত, টিম লিডার শাহিন হোসেন, ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর মুনতাকিমুল ইসলাম রুহানি, রাজিয়া সুলতানা প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিও’র সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান।

