গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।মনোনয়ন ঘোষণার পর দলীয় মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়ে দলটির স্থানীয় নেতা-কর্মী এবং সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস করতে দেখা গেছে।তবে নওগাঁর এ ৫টি আসনে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে মনে কষ্ট থাকলেও বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মাঠে থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার ঘোষণা দেন তারা।৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন,নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে মোঃ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট)সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) মোঃ ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) একরামুল বারী টিপু, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে রেজাউল ইসলাম। মনোনয়ন ঘোষণা পর এদিন সন্ধ্যায় নওগাঁ-৩ আসনের মনোনয়ন বঞ্চিত মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল আলম বুলেট দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের আহবান জানান। তবে এদিন নওগাঁ-৫ (সদর) আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।এবিষয়ে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) বলেন,জেলার ৬টি আসনের মধ্যে দলের মহাসচিব পাঁচটি আসনের প্রার্থী ঘোষণা করেছেন। নওগাঁ-৫ (সদর) আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছেন,দ্রুত এ আসনেও প্রার্থী ঘোষণা হয়ে যাবে।তিনি আরও বলেন,দলের এ সিদ্ধান্তে আমরা আনন্দিত,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য নেতাদেরই মনোনীত করেছেন।এক সময় নওগাঁর ৬টি আসনই বিএনপির ছিলো। সকল ভেদাভেদ ভুলে দলের সিদ্ধান্তের ওপর আস্থা এবং সম্মান রেখে দলীয় নেতা-কর্মীদের এক সঙ্গে বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আহবান জানান জেলা বিএনপির এ নেতা।

