মোরেলগঞ্জ (বাগেরহাট), প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও শরনখোলা উপজেলায় অবস্থিত ভোটকেন্দ্রগুলোকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করে প্রশাসনের প্রতি জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আ. আলিম।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, তার ভোটার ও এজেন্টদের নিয়মিতভাবে হুমকি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে তার সমর্থকদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব হামলার পেছনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা জড়িত বলে তিনি দাবি করেন।
অধ্যক্ষ আ. আলিম বলেন, মোরেলগঞ্জ ও শরনখোলার অনেক ভোটকেন্দ্র দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় বিএনপির কর্মীরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি আরও জানান, বিদ্রোহী প্রার্থী ‘হরিণ মার্কা’ প্রতীকের কাজী খায়রুজ্জামান শিপন তার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার আশঙ্কায় ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে।
জামায়াত প্রার্থী বলেন, “প্রশাসন যদি আমার নেতা-কর্মী ও এজেন্টদের যথাযথ নিরাপত্তা দেয়, তাহলে ইনশাআল্লাহ আমরা ব্যাপক ভোটে বিজয় লাভ করব।”
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তিনি সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারির ব্যবস্থা, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং দুর্গম কেন্দ্রগুলোতে দ্রুত পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে মোরেলগঞ্জ ও শরনখোলা নিয়ে গঠিত আসনটি আয়তনে বড় এবং এখানকার ভোটকেন্দ্রগুলো তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। এ অবস্থায় অধ্যক্ষ আ. আলিম সাংবাদিক ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

