বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দেবরের লাথিতে রওশনারা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত ওই নারী উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামের মজিবরের স্ত্রী। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দেবর হবিবরের স্ত্রী ফাতেমাকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত হবিবর পলাতক রয়েছে।
পুলিশ ও নিহতের স্বামী মজিবর জানান, নিজের ছোট ভাই হবিবরের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নাহিদকে জানালে তিনি একটি সালিশি বৈঠকের দিন ধার্য করেন। এরই মধ্যে রোববার দুপুরে মজিবর ও তার স্ত্রী রওশনারা জমিতে পানি দিতে গেলে হবিবর ও তার স্ত্রী ফাতেমা বাধা দেন। এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হবিবর রওশনারার পেটে লাথি মারলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বামী মজিবর বাদী হয়ে ছোট ভাই হবিবর ও তার স্ত্রী ফাতেমাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) প্রভাষ কুমার বসু জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

