মুন্সীগঞ্জ সদর উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে এ আয়োজন সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাসুদুর রহমানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিয়ে অংশগ্রহণকারীরা ক্রীড়া আনন্দে মেতে ওঠেন। পরবর্তীতে প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজক সূত্রে জানা যায়, পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মিহির কুমার পাইক, পরিসংখ্যান কর্মকর্তা জনাব এস. এম. সালাহ উদ্দিন এবং উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) জনাব এস. এম. আব্দুর রহমান।
সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দাপ্তরিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

