রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশের প্রথম প্রহরে দৌলতপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। সর্বপ্রথম দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এবং সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরবর্তীতে দৌলতপুর উপজেলা যুবদলের নেতৃত্বে, উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন, সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম, অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন, আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ, প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সূচনা। একুশের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মহান একুশ আমাদের শিখিয়েছে—মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও পিছপা হওয়া যাবে না। ভাষা শহীদদের এই আত্মত্যাগ বাঙালি জাতিকে চিরদিন অনুপ্রেরণা জোগাবে।

