মোঃ মাসুদ রানা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে আয়োজিত আলোচনা সভায় সকল রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল আজিজ বলেন, “সামনের জাতীয় অনুষ্ঠানগুলোতে সকল দলের নেতৃবৃন্দের উপস্থিতি কামনা করছি। কোনো দলের নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে আইনের আওতায় বিচার হবে। তবে জাতীয় অনুষ্ঠান থেকে কাউকে বাদ দিয়ে নয়। সামনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সকলদলের নেতাকর্মীদের অংশগ্রহণ করানোর জন্য প্রশাসনের কর্মকর্তাদের আহবান করেন। ”
তিনি আরও বলেন, “আলোচনার মাধ্যমে সবার মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের নির্বাচনী এলাকাকে শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী হিসেবে এগিয়ে নিতে চাই।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এছাড়া বাদ জোহর ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

