তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে ঘড়ির কাঁটা একুশে ফেব্রুয়ারিতে পা রাখতেই হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, ফায়ার সার্ভিস, হিলি কাস্টমস, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, হিলি প্রেসক্লাব এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের পেশ ইমাম মীর শহীদ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

