মোঃ ইসতিয়াক আহমেদ রোহান,আত্রাই উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমান আজিজ (পিতা: মৃত আমির উদ্দিন) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই ভাতিজাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত ১৮ আগস্ট (রোববার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচার সঙ্গে ভাতিজাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা বাবু লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই আজিজার রহমান নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ঘটনার পরপরই অভিযুক্ত ভাতিজারা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার আত্রাই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযানে নামে। সোমবার রাতে বিশেষ অভিযানে বাবু ও আলিম নামে দুইজনকে (পিতা: মো. আলা উদ্দিন আলা) নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে ভোর ৫টার দিকে গ্রেফতার করে পুলিশ।

