আশিকুর রহমান সিয়াম,সাভার উপজেলা, স্টাফ রিপোর্টারঃ
আজ ২০ আগস্ট, বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীরের জন্মদিন। ১৯৮৪ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা আওলাদ হোসেন এবং মা আসমা হোসেন।
ফেসবুকে এমন বিষয়ে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নিলয় আলমগীরের, ফ্যান ফলোয়ার তাকে জন্মদিনে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে।
নিলয় ২০০৯ সালে ‘ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়ায় তার যাত্রা শুরু করেন। এরপর তিনি মডেলিং ও অভিনয়ে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন।
নিলয় আলমগীরের অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকগুলোর মধ্যে রয়েছে: ‘নীলকষ্ট’, ‘বাবার পছন্দ’, ‘তোমাকে চাই’, ‘মিশন টু আমেরিকা’, ‘ট্রেন্ডি লাভ’, ‘ব্ল্যাক মেইল’, ‘ব্যাচেলর ক্রাইসিস’, ‘টিন এইজ’, ‘মিডল ক্লাস’, ‘দর্পহরণ’, ‘উল্টো স্রোত’, ‘আরাম বাবু’, ‘প্রিয় তুমি’, ‘সাইলেন্ট প্রপোজ’, ‘কিছু ভুল কিছু কষ্ট’, ‘ট্রানওভার’, ‘বাজিমাত’, ‘জামাই শ্বশুরের কোরবানী’, ‘লাভ ইউ ম্যাডাম’, ‘মেইড ইন বরিশাল’ প্রভৃতি।
চলচ্চিত্রে তার অভিষেক হয় মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘অল্প অল্প প্রেমের গল্প’, ‘রূপগাওয়াল’, ‘ভালোবাসা প্রেম নয়’, ‘ভালোবাসবই তো’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন।
নিলয় আলমগীর বিজ্ঞাপনচিত্রেও মডেলিং করেছেন। তার মধ্যে ‘কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার’, ‘বাংলালিংক দেশ’, ‘আইস কুল সাবান’, ‘সিঙ্গার’ উল্লেখযোগ্য।
ব্যক্তিগত জীবনে, ২০১৬ সালে তিনি মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেন, তবে বছর দেড়েক পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ২০২১ সালের ৭ জুলাই তিনি তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন।
জন্মদিন উপলক্ষে নিলয় আলমগীর শুটিং থেকে বিরতি নিয়ে তার স্ত্রীকে সময় দিচ্ছেন। তিনি বলেন, “জন্মদিনে কোনো শুটিং রাখিনি। এর একমাত্র কারণ আমার স্ত্রীকে দিনটিতে বিশেষভাবে সময় দিতে চাই। পাশাপাশি বন্ধুবান্ধব তো আছেই। তবে এবারের জন্মদিনে আব্বা-আম্মাকে খুব মিস করব। কারণ তারা এই মুহূর্তে আমার বড় আপা সুলতানা ইয়াসমিনের কাছে অস্ট্রেলিয়াতে আছেন। তবে অবশ্যই দিনটিতে ফোনে কথা হবে, আব্বা আম্মার কাছে আশীর্বাদ চাইব। তাদের কারণেই এই পৃথিবীতে আমার আসা।”
নিলয় আলমগীর তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘নাফ (নিলয় আলমগীর ফিল্মস)’ এর জন্য নিয়মিত নাটক নির্মাণ করছেন। তিনি জানান, যতদিন দর্শক তাকে অভিনয়ে দেখতে আগ্রহ প্রকাশ করবেন, ততদিনই তিনি অভিনয় করবেন।

