মোঃ নুরুন্নবী,পাবনা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের চকমইষাট মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্মেসি, মুদি দোকান, ওয়ার্কশপসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে শনিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ৪টার দিকে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত হয় মামুন হোসেনের পেট্রোল-ডিজেল ও মুদি দোকান থেকে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য দোকানে লেগে যায়। পাশেই অবস্থিত মসজিদের মুসল্লিরা প্রথমে আগুন দেখতে পান এবং চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল ফার্মেসি, মুদি দোকান, মোটরসাইকেল ওয়ার্কশপ ও অন্যান্য খুচরা পণ্যের দোকান।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা হলেনঃ
১. শামীম হোসেন (দোকান মালিকের ছেলে)
২. সাগর খন্দকার, পিতা: মৃত নায়েব আলী খন্দকার
৩. মোঃ আলাল হোসেন, পিতা: মৃত ইব্রাহিম
৪. মোঃ আল আমিন হোসেন, পিতা: মোঃ আব্দুর রহিম
৫. মামুন হোসেন, পিতা: বজব আলী
৬. মোঃ আব্দুল জলিল, পিতা: মৃত হোসেন প্রামানিক
৭. মোঃ মহসিন আলী, পিতা: মোঃ সরাব আলী
৮. মোঃ লিটন হোসেন, পিতা: আব্দুল জলিল
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মান্নান ও অন্যান্য ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে দোকানঘর, মালামাল, আসবাবপত্র সবকিছু পুড়ে গেছে। তাদের দাবি, আগুনে মোট ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা ছাড়িয়ে গেছে। তারা সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের তৎপরতা প্রশংসনীয়
ভাঙ্গুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের প্রাণহানি বা আরও বিস্তৃত ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

